বাংলায় দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা করার দাবি শুভেন্দুর, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সওয়াল

কেন্দ্রীয় সরকারের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘বিকশিত ভারত ও রোজগার সুরক্ষা যোজনা’ বা ‘ভিবি-জি রাম জি’ নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। নবান্নের সভাঘর থেকে তিনি জানান, বাংলায় দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা করার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে তিনি সওয়াল করেছেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে শুভেন্দু বলেন, “আমি মাননীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের মায়ের প্রয়াণ অনুষ্ঠানে গিয়েছিলাম। যদিও সেটা বলার মতো পরিবেশ ছিল না, তবুও দুটো কথা বলে এসেছি।” তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন, বাংলার মাটিতে যারা ‘আনস্কিলড জব’-এর সঙ্গে যুক্ত, তাঁদের দৈনিক ন্যূনতম মজুরি বাড়িয়ে অন্তত ৪০০ টাকা করা হোক।
নতুন কর্মসংস্থান প্রকল্প নিয়ে ইতিবাচক পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রের বেঁধে দেওয়া ২২ কোটির লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ের আগেই পূরণ করা সম্ভব হবে। তাঁর দাবি, বর্তমানে প্রতিদিন ১০ লক্ষ করে কর্মদিবস তৈরি হচ্ছে। গত ৫-৭ দিনের মধ্যেই প্রায় ১ কোটি ৬০ লক্ষ ম্যান্ডেট তৈরি হয়েছে, যা একটি বড় সাফল্য।
উল্লেখ্য, মনরেগা প্রকল্পের পরিবর্তে কেন্দ্রীয় সরকার ‘ভিবি-জি রাম জি’ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে গ্রামীণ পরিবারগুলিকে বছরে ১২৫ দিন কাজের আইনি নিশ্চয়তা দেওয়া হয় এবং দৈনিক ন্যূনতম মজুরি প্রায় ৩০০ টাকা ধার্য করা হয়েছে। এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের অর্থ বরাদ্দের অনুপাত ৬০:৪০। শুভেন্দুর মতে, এই প্রকল্পের হাত ধরে গ্রামীণ অর্থনীতিতে গতি আসবে।