কিশোর ছেলেদের সঙ্গে কথা বলার সময় অভিভাবকদের যে বিষয়গুলো এড়িয়ে চলা জরুরি

সন্তান কৈশোরে পা দিলে তার মানসিক ও আচরণগত পরিবর্তন সামলানো অনেক অভিভাবকের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, কিশোর বয়সের ছেলেরা অনেক সময় নিজেদের অনুভূতি সহজে প্রকাশ করতে চায় না। এ বয়সে অভিভাবকরা কী বলছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তারা কীভাবে কথা বলছেন। সঠিক দৃষ্টিভঙ্গি না থাকলে সন্তান নিজের মধ্যে গুটিয়ে যেতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ছেলেদের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখতে অভিভাবকদের কিছু আচরণ ও কথাবার্তা পরিহার করা উচিত।
অন্যদের সঙ্গে তুলনা করা সন্তানের আত্মবিশ্বাস নষ্ট করে। ভাইবোন, সহপাঠী কিংবা আত্মীয়দের সঙ্গে তুলনা করে কথা বললে কিশোরদের মনে হীনম্মন্যতা ও ক্ষোভের জন্ম হয়। পড়াশোনা বা বাহ্যিক রূপ নিয়ে তারা এমনিতেই নানা সংশয়ে থাকে। তাই তুলনা না করে তার নিজস্ব অগ্রগতি ও চেষ্টার প্রশংসা করার পরামর্শ দেওয়া হয়েছে।
ছেলেদের কান্না বা মানসিক দুর্বলতাকে উপহাস করা কিংবা পুরুষসুলভ হতে চাপ দেওয়া উচিত নয়। দুঃখ বা ভয় চেপে রাখতে বাধ্য হলে কিশোরদের মধ্যে রাগ বা ক্ষতিকর প্রবণতা তৈরি হতে পারে। তাদের আবেগ স্বাভাবিকভাবে গ্রহণ করে মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন, যাতে কোনো সংকটে তারা পরিবারের সাহায্য চাইতে দ্বিধাবোধ না করে।
পাশাপাশি, কিশোর বয়সের বন্ধুত্ব কিংবা ভালো লাগার অনুভূতি নিয়ে উপহাস করা বা অন্যদের সামনে তা ফাঁস করা অনুচিত। এতে আস্থার জায়গাটি ভেঙে যায়। এছাড়া পরীক্ষায় খারাপ ফল বা পুরোনো ব্যর্থতার কথা বারবার মনে করিয়ে দেওয়া থেকেও বিরত থাকা দরকার। ভুল থেকে শিক্ষা নেওয়ার নিরাপদ পরিবেশ পেলে সন্তান ভবিষ্যতে আরও দায়িত্বশীল হয়ে উঠতে পারে।