তৃণমূলকে সরিয়ে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন বিজেপির

জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে নিল বিজেপি। শাসকদল তৃণমূল কংগ্রেসকে সরিয়ে পঞ্চায়েতটির বোর্ড গঠন করেছে গেরুয়া শিবির।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ৩০ আসন বিশিষ্ট ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ১৫টি এবং বিজেপি ১২টি আসনে জয়ী হয়েছিল। বাকি আসনগুলি নির্দল ও কংগ্রেসের দখলে ছিল। প্রাথমিকভাবে নির্দলদের সমর্থনে তৃণমূল বোর্ড গঠন করলেও, পরবর্তী সময়ে দলবদলের জেরে রাজনৈতিক সমীকরণ বদলে যায়। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পঞ্চায়েতের রাশ নিজেদের হাতে নিল বিজেপি।
বোর্ড গঠনের ভোটাভুটিতে বিজেপির ১২ জন সদস্য সহ মোট ২০ জন উপস্থিত ছিলেন। তাঁদের সমর্থনে পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মেরি ওরাও এবং উপপ্রধান হয়েছেন দীপঙ্কর সরকার। নতুন প্রধান জানান, দলমত নির্বিশেষে গ্রামীণ এলাকার সার্বিক বিকাশ ও পরিষেবা সচল রাখাই তাঁদের মূল লক্ষ্য। স্থানীয় বিধায়ক শুক্রা মুন্ডা নতুন বোর্ডকে সংবর্ধনা জানিয়ে আশা প্রকাশ করেন যে, নতুন দায়িত্বগ্রহণের ফলে এলাকার থমকে থাকা কাজে গতি আসবে। বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক রাকেশ নন্দীও উন্নয়নের বার্তা দিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন প্রধান ও উপপ্রধানের পদ শূন্য থাকায় রাস্তাঘাট সংস্কার, জঞ্জাল নিষ্কাশন, পানীয় জল সরবরাহ এবং আবাসিক শংসাপত্র দেওয়ার মতো নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল। নতুন বোর্ড গঠনের ফলে পরিষেবা স্বাভাবিক হওয়ার আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বোর্ড গঠন প্রক্রিয়া ঘিরে কোনওরকম অশান্তি এড়াতে মালবাজার থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছিল।