ভারত-বাংলাদেশ কনসুলার বৈঠক স্থগিত, কূটনৈতিক সম্পর্কে ফের অস্বস্তির ইঙ্গিত

ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ফের অস্বস্তির ইঙ্গিত মিলল। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পঞ্চম কনসুলার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা স্থগিত রাখা হয়েছে। কবে এই বৈঠক পুনরায় আয়োজিত হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য মেলেনি।

কূটনৈতিক মহলের মতে, গত কয়েক মাস ধরেই দিল্লি ও ঢাকার সম্পর্কে বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন চলছে। এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি। বাংলাদেশ সরকারের দাবি, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং তাঁকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। অন্যদিকে, ভারতের বিদেশমন্ত্রকের বক্তব্য, প্রত্যর্পণের বিষয়টি আইন, ন্যায়বিচার এবং বিদ্যমান আইনি পর্যালোচনার ওপর নির্ভরশীল।

বৈঠক স্থগিতের নেপথ্যে আরও একাধিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ, পুশ-ইন অভিযোগ, বিএসএফের ভূমিকা, ভিসা পরিষেবা এবং দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবর্তন সংক্রান্ত মতপার্থক্য অন্যতম। এছাড়া বাংলাদেশের মৎস্যজীবীদের আটক ও প্রত্যাবর্তন এবং আইনি সহযোগিতার বিষয়গুলোও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হওয়ার কথা ছিল।

পাশাপাশি, ১৯৯৬ সালের গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হতে চলেছে। নতুন চুক্তি নিয়ে আলোচনা এবং তিস্তার জলবণ্টন ইস্যুও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের দিল্লি হাইকমিশনের এক আধিকারিক বৈঠক স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। সব মিলিয়ে, কূটনৈতিক স্তরে এই আলোচনা পিছিয়ে যাওয়ায় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *