প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি প্রাক্তন এই পুলিশকর্তার প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সোনা পাপ্পু সংক্রান্ত একটি মামলায় আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় রয়েছে কলকাতার তিনটি বিলাসবহুল ফ্ল্যাট এবং মুর্শিদাবাদের কান্দিতে থাকা জমি। তদন্তকারীদের দাবি, এই সম্পত্তিগুলি বেনামে কেনা হয়েছিল।
তদন্তকারী সংস্থার অভিযোগ, কুখ্যাত সোনা পাপ্পুর বেআইনি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন শান্তনু। পুলিশকর্তা হিসেবে তিনি জমি ও বাড়ি দখল এবং প্রোমোটিং সংক্রান্ত বেআইনি কারবারে সাহায্য করতেন। বিশেষ করে, দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় প্রবীণ নাগরিকদের ভয় দেখিয়ে তাঁদের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে।
ইডি জানিয়েছে, তদন্ত এখনও চলছে। ফলে বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বেশ কিছু সম্পত্তির ক্ষেত্রে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।