বিরোধী দলনেতা সংক্রান্ত মামলায় হাইকোর্টে শোভনদেব ও মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে প্রশ্ন

বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি নিয়ে কলকাতা হাইকোর্টে চলা মামলায় বৃহস্পতিবার নতুন মোড় এল। এদিন আদালতে শোভনদেব চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরার একটি ছবি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণা রাও।

আদালতে প্রশ্ন ওঠে, শোভনদেব চট্টোপাধ্যায় যদি বিরোধী দলনেতা না হন, তবে মুখ্যমন্ত্রী কেন তাঁর হাত ধরেছিলেন? এই ছবিকে কীভাবে ব্যাখ্যা করা হবে, তা নিয়ে জানতে চান বিচারপতি।

এর উত্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, স্পিকারকে তাঁর আসনে বসানোর সময় মুখ্যমন্ত্রী সৌজন্যবশত শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরেছিলেন। তিনি আরও বলেন, শোভনদেব বিধানসভার প্রবীণতম সদস্য এবং সেই সময় কোনো বিরোধী দলনেতা না থাকায় সৌজন্যের খাতিরেই মুখ্যমন্ত্রী এমনটা করেছিলেন। এই ঘটনাকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয় বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, বাংলায় পালাবদলের পর তৃণমূল শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিল। পরবর্তীতে একদল বিধায়ক নিজেদের বিক্ষুব্ধ দাবি করে স্পিকারের কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন এবং স্পিকার সেই প্রস্তাবই গ্রহণ করেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই মামলা চলছে হাইকোর্টে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *