উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন: সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সফরে অমিত শাহ

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে এখনও কয়েক মাস বাকি। তার আগেই ভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়তে চলেছে বিজেপি। দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে নভেম্বরের শেষ থেকে উত্তরপ্রদেশে দীর্ঘ সফরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাজ্যের মোট ছয়টি সাংগঠনিক অঞ্চলেই তিনি সফর করবেন। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রস্তুতিতে গতি আনা এবং নিচুতলার সংগঠনকে চাঙ্গা করাই এই সফরের মূল লক্ষ্য।

বিজেপি সূত্রে খবর, প্রথম পর্যায়ে নভেম্বর মাসেই উত্তরপ্রদেশের দুটি সাংগঠনিক অঞ্চল সফরের পরিকল্পনা রয়েছে শাহের। পরবর্তী সময়ে বাকি চারটি অঞ্চলেও তিনি যাবেন। শুধু দিনের বৈঠক নয়, প্রতিটি সাংগঠনিক অঞ্চলে রাত কাটানোরও পরিকল্পনা রয়েছে তাঁর। এর ফলে স্থানীয় নেতৃত্ব এবং বুথস্তরের কর্মীদের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছে দল।

সফরে সংশ্লিষ্ট অঞ্চলের দলীয় কর্মীদের পাশাপাশি স্থানীয় বিজেপির প্রভাবশালী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন অমিত শাহ। নির্বাচনী রণকৌশল তৈরি, সংগঠনের দুর্বলতা চিহ্নিত করা এবং সেই কৌশল কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আঞ্চলিক স্তরের বৈঠক শেষ হলে জেলা স্তরেও একাধিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির।

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে জেলা স্তরের বৈঠক এবং জনসভা আয়োজনের কথাও ভাবছে দল। অর্থাৎ, সাংগঠনিক বৈঠকের পাশাপাশি জনসংযোগেও বিশেষ জোর দিতে চাইছে গেরুয়া শিবির। উত্তরপ্রদেশ বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। তাই বিধানসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করা, স্থানীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানো এবং কর্মীদের মনোবল চাঙ্গা করতেই শাহের এই বিস্তৃত সফর বলে রাজনৈতিক মহলের ধারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *