অভিষেকের বাড়ির সামনে বুলডোজার অভিযান: সাফাই দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার চালানো নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক উত্তাপের মধ্যেই সাফাই দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার তিনি দাবি করেন, কাউকে ব্যক্তিগতভাবে নিশানা করা হচ্ছে না। শহরজুড়ে বেআইনি দখলদারি ও নির্মাণ সরাতেই কলকাতা পুরসভা এই পদক্ষেপ করছে।
সংবাদ সংস্থা এএনআই-কে দিলীপ ঘোষ বলেন, কলকাতায় রাস্তা ও ফুটপাথের অভাব রয়েছে। বেআইনি নির্মাণ সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি করছে, তাই সর্বত্রই এই উচ্ছেদ অভিযান চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কলকাতা পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে অভিষেকের বাড়ির সামনে পৌঁছান। সাংসদের বাড়ির সামনের ফুটপাথে বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়। পুরকর্মীদের দাবি, ওই কাঠামোর কারণে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। অভিযানের সময় সেখানে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে তাঁর বাড়ির সামনে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই উচ্ছেদ অভিযান নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
যদিও এই ঘটনায় বিচলিত নন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, “ওরা নিজেদের আবর্জনাই পরিষ্কার করেছে। বুলডোজার দিয়ে ভয় দেখানোর চেষ্টা করলেও আমি ভয় পাব না।”
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, গত কয়েক দিনে তাঁর বাড়ি ও অফিসে একাধিকবার হামলা ও নজরদারির চেষ্টা হয়েছে। এই ঘটনাগুলিকে তিনি ‘উদ্বেগজনক কার্যকলাপ’ হিসেবে উল্লেখ করেছেন।