অভিষেকের বিরুদ্ধে নতুন এফআইআর, তলব করল গিরিশ পার্ক থানা

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ একাধিক পুলিশ আধিকারিককে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় নতুন করে এফআইআর দায়ের হয়েছে। এক মহিলার অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়া এবং হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় আগামী ২০ নভেম্বর দুপুর ১২টার মধ্যে তাঁকে থানায় হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে।
অভিষেকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। গত অক্টোবর মাসে তিনি পুলিশ আধিকারিকদের তালিকা তৈরির হুঁশিয়ারি দিয়েছিলেন। এছাড়া শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুলে পুলিশকে নিশানা করেছিলেন তিনি। সম্প্রতি কালীঘাটে জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় দায়ের হওয়া চারটি মামলাতেও তাঁর নাম রয়েছে।
এর আগে অগাস্ট মাসে ক্যামাক স্ট্রিটে তাঁর দপ্তরের সামনে বিলবোর্ড খোলা নিয়ে পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেক অনুগামীদের বিবাদ বাঁধে। সেই ঘটনায় দায়ের হওয়া এফআইআরেও তাঁর নাম ছিল। সব মিলিয়ে একের পর এক আইনি জটিলতায় জড়িয়ে পড়ছেন অভিষেক। যদিও তিনি এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন এবং তাঁকে হেনস্থা করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন।