জিন তাড়ানোর নামে ১০ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মসজিদের খতিব

মুন্সীগঞ্জের শ্রীনগরে জিন তাড়ানোর নামে ১০ বছরের এক মাদ্রাসাশিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে রেজাউল বারী (৪৭) নামে এক মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্রীনগর বাজার জামে মসজিদে ইমামতি করে আসছিলেন। ভুক্তভোগী শিশুটি অসুস্থ বোধ করায় পরিবারের সদস্যরা তাকে ঝাড়ফুঁকের জন্য ওই ইমামের কাছে নিয়ে গিয়েছিলেন।
অভিযোগ অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর শিশুটিকে একটি তাবিজ দেওয়া হয়। পরবর্তীতে সে আবারও অসুস্থ হয়ে পড়লে ইমামের পরামর্শে গত বৃহস্পতিবার রাতে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যান অভিভাবকরা। সেখানে জিন তাড়ানোর কথা বলে ঘরের বাতি নিভিয়ে এবং বাবা-মায়ের মোবাইল ফোন সরিয়ে রেখে ইমাম শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালান। এক পর্যায়ে মেয়ের কোনো সাড়া না পেয়ে মা মোবাইল ফোনের আলো জ্বালালে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
ঘটনার পর অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসেন তার বাবা-মা। এরপর স্বজনদের সঙ্গে আলোচনা করে গভীর রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানিয়েছেন, শিশুটির মায়ের দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুটিও মুন্সীগঞ্জ আদালতে নিজের জবানবন্দি প্রদান করেছে।