স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছল কি ফের কাছাকাছি? ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিয়ের জল্পনা

স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছল কি ফের কাছাকাছি? ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিয়ের জল্পনা

ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মন্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে জল্পনা দানা বেঁধেছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি গত বছরের তিক্ততা ভুলে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি? ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানার সঙ্গে নৈশভোজে ব্যস্ত পলাশের দিদি গায়িকা পলক মুচ্ছল এবং তাঁর স্বামী মিঠুন। সেখানে পলককে স্মৃতির বাবার পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায়, যা দুই পরিবারের ঘনিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছে।

স্মৃতি ও পলাশের বিয়ের কথা ছিল গত বছরের ২৩ নভেম্বর। এমনকি মহিলাদের বিশ্বকাপ জয়ের পর ডিওয়াই পাটিল স্টেডিয়ামে স্মৃতিকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। কিন্তু বিয়ের ঠিক আগমুহূর্তে পলাশের বিরুদ্ধে অন্য সম্পর্কের অভিযোগ ওঠে এবং এক মহিলার সঙ্গে তাঁর চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। এই ঘটনার জেরে দুই পক্ষই প্রকাশ্যে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা করেন এবং বিয়ে বাতিল হয়ে যায়। তখন থেকেই ভক্তদের ধারণা ছিল, তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটেছে।

বর্তমানে ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে নেটপাড়ায় মতভেদ তৈরি হয়েছে। নেটিজেনদের একাংশের ধারণা, দুই পরিবার হয়তো মান-অভিমান ভুলে ফের বিয়ের প্রস্তুতি শুরু করেছে। তবে অন্য একটি পক্ষের দাবি, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং অনেক পুরনো, যখন পলাশ ও স্মৃতির সম্পর্ক অটুট ছিল। সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে তাঁরা সত্যিই এক হতে চলেছেন কি না, সে বিষয়ে দুই পরিবারের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *