বলিউড কাঁপানো হুমকি! আয়ুষ্মান-তুষারকে প্রাণনাশের হুমকি দিয়ে জালে বেঙ্গালুরুর যুবক!

বলিউড কাঁপানো হুমকি! আয়ুষ্মান-তুষারকে প্রাণনাশের হুমকি দিয়ে জালে বেঙ্গালুরুর যুবক!

 

বিষ্ণোই গ্যাংয়ের নাম করে তারকাদের কাছে কোটি টাকার মুক্তিপণ দাবি, বেঙ্গালুরু থেকে ধৃত আইটি ইঞ্জিনিয়ার

মুম্বই: কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে বলিউড তারকাদের হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে এক আইটি ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ধৃতের নাম বৈভব মিশ্র (৩০)। তিনি বেঙ্গালুরুর একটি নামী আইটি সংস্থায় কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক ইনস্টাগ্রামের মাধ্যমে অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং তুষার কাপুরকে লাগাতার হুমকি দিয়ে আসছিল। এর মধ্যে অভিনেতা তুষার কাপুরকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে সরাসরি পাঁচ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করেই এই হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

তারকাদের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহার করে দ্রুত অপরাধীর অবস্থান শনাক্ত করেন তদন্তকারীরা। এরপর বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুম্বই পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, অভিযুক্তকে বেঙ্গালুরুর স্থানীয় আদালতে হাজির করে ট্রানজিট রিম্যান্ড নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মুম্বইতে নিয়ে আসা হবে। বৈভব মিশ্র আদতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য, নাকি গ্যাংয়ের নাম ভাঙিয়ে একাই এই চাঁদাবাজির ছক কষেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিনোদন জগতে একের পর এক হাই-প্রোফাইল হুমকির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মুম্বই পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *