কলকাতার পুজোয় স্বজনপোষণ, টালা প্রত্যয়ের নেপথ্যে কি তবে শুভর প্রভাব?

দুর্গাপুজোর পাস বিক্রিতে দুর্নীতির অভিযোগ: গ্রেফতার প্রভাবশালী পুজো সংগঠক ধ্রুবজ্যোতি বসু
কলকাতা: দুর্গাপুজোর পাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কলকাতার প্রভাবশালী পুজো সংগঠক ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার সন্ধ্যায় টেরিটি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ‘মাস আর্ট’ (Mass Art) সংস্থার আড়ালে দুর্নীতির অভিযোগ এবং পুজোর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা শুভর পতনের ঘটনায় এখন সরব হয়েছেন শহরের একাধিক পুজো কমিটির কর্মকর্তারা।
অভিযোগ রয়েছে, ২০১৬ সালে বেলগাছিয়া সর্বজনীনের সঙ্গে যুক্ত হওয়ার পর শুভ কৌশলে পুজোর নাম বদলে ‘টালা প্রত্যয়’ করেন এবং ধীরে ধীরে কমিটির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। ২০২২ সালে তৎকালীন এক প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠতায় তিনি ‘মাস আর্ট’ সংস্থাটি গড়ে তোলেন। এই সংস্থার ব্যানারে ইউনেস্কোর নাম ব্যবহার করে কলকাতার ২০-২৫টি বড় পুজোয় ‘প্রিভিউ শো’-এর নামে মোটা টাকার বিনিময়ে আগাম ঠাকুর দেখার পাস বিক্রি করা হয়।
একাধিক পুজো কর্তার অভিযোগ, শুভর এই সিন্ডিকেট সরকারি মদতেই পরিচালিত হতো। চক্রবেড়িয়া সর্বজনীনের নিতিন পটেল ও লাহাবাগান সর্বজনীনের অভিজিৎ বসাকসহ একাধিক কর্মকর্তার দাবি, শুভর প্রভাবে পুজোয় বিজ্ঞাপন ছিনতাই, সরকারি তহবিল নয়ছয় এবং নিজেদের পছন্দসই পুজো কমিটিকে সুবিধা পাইয়ে দেওয়া ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। এমনকি, দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতির নেপথ্যে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টাকে আড়াল করে রাজনৈতিক প্রচারের চাপও পুজো কমিটিগুলোর ওপর দেওয়া হতো।
আইনজীবী অতনু ঘোষের অভিযোগ, গত ৪-৫ বছরে শহরের মাত্র ২৪-২৫টি পুজোকে কেন্দ্র করেই এই দুর্নীতির জাল বিস্তৃত ছিল, যার ফলে যোগ্যতাসম্পন্ন অনেক ঐতিহ্যবাহী পুজোই বঞ্চিত হয়েছে। টালা প্রত্যয়ের মতো পুজোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে শুভর বিরুদ্ধে।
সূত্রের খবর, রাজ্যে সরকার পরিবর্তনের পর শুভ শিবির বদলের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। টালা প্রত্যয়ের নিয়ন্ত্রণ হারানো এবং অবৈধ জমি দখলের মতো ঘটনায় তাঁর প্রতিপত্তি ক্রমশ কমতে থাকে। টালা প্রত্যয়ের বর্তমান কমিটি তাঁকে ছেঁটে ফেলার পর স্থানীয় বাসিন্দারা নতুন উদ্যমে পুজো পরিচালনা করেন। অবশেষে বুধবার পুলিশের জালে ধরা পড়লেন পুজো-রাজনীতির এই ‘ব্যারন’। বর্তমানে পুলিশ এই দুর্নীতির নেপথ্যে থাকা অন্যান্য মদতদাতা ও চক্রের শিকড় সন্ধানে তদন্ত চালাচ্ছে।