দুর্গাপুরে বড় সাফল্য এসটিএফের, উদ্ধার বিশাল অস্ত্র ভান্ডার!

কয়লা মাফিয়া সিন্ডিকেটের বড়সড় অস্ত্রভাণ্ডার উদ্ধার, বীরভূমে বিপুল বিস্ফোরকসহ ধৃত ২
নিজস্ব প্রতিবেদন: কয়লা মাফিয়াদের দাপট রুখতে বড় সাফল্য পেল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি মাস্কেট, চারটি ৭ এমএম পিস্তল এবং এগারোটি পাইপ গান। সেই সঙ্গে ৬৫ রাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
তদন্তকারীদের সূত্রে জানা গেছে, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে চোরাপথে এই অস্ত্রগুলো আনা হতো। এরপর সেগুলো কয়লা মাফিয়া সিন্ডিকেটের সদস্যদের হাতে তুলে দেওয়া হতো। ধৃত অভিযুক্তদের জেরা করে মাফিয়াদের কাজের ধরণ দেখে রীতিমতো হতবাক তদন্তকারীরা।
অভিযোগ উঠেছে, জেলায় যারা আইন মেনে টেন্ডারের মাধ্যমে কয়লা উত্তোলনের অনুমতি পেতেন, এই সিন্ডিকেটের সদস্যরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের ভয় দেখাত। এর ফলে বৈধ ঠিকাদাররা কাজ করতে পারতেন না এবং তাঁদের জায়গায় বেআইনিভাবে কয়লা খনন ও পাচার করত মাফিয়ারা। এই বেআইনি কাজে প্রভাব বিস্তার করতেই উদ্ধার হওয়া অস্ত্রগুলো ব্যবহৃত হতো।
অন্যদিকে, পৃথক এক অভিযানে বীরভূমের মুরারই এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক পাচারের উৎস এবং এর সঙ্গে জড়িত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।