নবনীতার পর ফের প্রেমে জিতু? সৃজলাকে নিয়ে যা বললেন অভিনেতা!

বিগ বসের ঘরে নতুন প্রেমের গুঞ্জন: সৃজলাকে প্রেমের প্রস্তাব জিতু কমলের
বিনোদন ডেস্ক: রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ঘরে সাম্প্রতিক সমীকরণ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। শোয়ের অন্দরে অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী সৃজলা গুহর ঘনিষ্ঠতা ও রসায়ন এখন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সদ্য প্রকাশ্যে আসা একটি নতুন প্রোমো ভিডিওতে জিতু কমলকে সৃজলার উদ্দেশ্যে সরাসরি প্রেমের প্রস্তাব দিতে দেখা গেছে।
ভিডিওর দৃশ্য অনুযায়ী, বিগ বসের ঘরের গার্ডেন এরিয়াতে সৃজলার সামনে দাঁড়িয়ে জিতু স্পষ্ট ভাষায় বলেন, “আমি তোমাকে ভালোবাসি।” আকস্মিক এই প্রেমের প্রস্তাবে সৃজলার মুখে লাজুক হাসি ফুটে উঠতে দেখা যায়। তবে সৃজলা এর উত্তরে কী জানিয়েছেন, তা নিয়ে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে।
এর আগে বিভিন্ন পর্বে দুজনকে ছোটখাটো মান-অভিমান ও খুনসুটিতে ব্যস্ত থাকতে দেখা গেছে। সম্প্রতি সৃজলাকে জিতুর উদ্দেশে বলতে শোনা গিয়েছিল, “কাকে ভালোবেসে ফেললে জিতু? কেন ভালোবেসে ফেললে?” অথবা “চাইনি ভালোবেসে ফেলো”—যেটি দর্শকদের নজর কেড়েছিল।
উল্লেখ্য, অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এতদিন জিতুর ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কোনো চর্চা ছিল না। নবনীতাও কাজের সূত্রে বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন। বিচ্ছেদের পর দুজনেই নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে ব্যস্ত ছিলেন। কিন্তু বিগ বসের ঘরে পা রাখার পর থেকেই জিতু ও সৃজলার এই ঘনিষ্ঠতা এখন নতুন মোড় নিয়েছে।
টেলিভিশনের পর্দায় এই ‘হাই-ভোল্টেজ’ রোম্যান্স আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।