সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক মুক্তি পাবে কি? নির্মাতাদের ওপর ২ কোটির কড়া শর্ত হাইকোর্টের!

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীভিত্তিক ছবি ‘দুসরা’র মুক্তি নিয়ে আদালতের সবুজ সংকেত
নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিত্বের অধিকার (Personality Rights) সংক্রান্ত আইনি জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে পরিচালক অভিনয় দেও পরিচালিত এবং রমেশ দেও প্রোডাকশন প্রাইভেট লিমিটেড প্রযোজিত ছবি ‘দুসরা’। ২০০২ সালে সৌরভের নেতৃত্বে ভারতের ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পটভূমিতে নির্মিত এই ছবিটির মুক্তি নিয়ে সব বাধা কাটল।
বিচারপতি তেজস কারিয়ার পর্যবেক্ষণ অনুযায়ী, ছবির সঙ্গে সৌরভের ব্যক্তিত্বের অধিকার এবং বাণিজ্যিক ব্যবহারের অধিকার এতটাই অবিচ্ছেদ্যভাবে যুক্ত যে, আপত্তিকর দৃশ্যগুলি ছবি থেকে ছেঁটে ফেলা আর সম্ভব নয়। এই বাস্তবতাকে বিবেচনা করেই আদালত ছবিটির মুক্তি আটকায়নি।
তবে ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর রিপোর্ট অনুযায়ী, শর্তসাপেক্ষে এই মুক্তির অনুমতি দিয়েছে আদালত। প্রযোজনা সংস্থাকে আগামী দুই সপ্তাহের মধ্যে দুই কোটির ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে হবে। পাশাপাশি, ছবিটির শুরু এবং শেষে হিন্দি ও ইংরেজি উভয় ভাষাতেই একটি বাধ্যতামূলক সতর্কবার্তা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুমতি ছাড়াই এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০২৫ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘লাভ ফিল্মস’-এর একটি চুক্তি রয়েছে এবং আগামী বছরের মে মাসে তাঁর আনুষ্ঠানিক বায়োপিক মুক্তি পাওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে ‘দুসরা’-র এই মুক্তি এবং আদালতের রায় ক্রীড়া ও চলচ্চিত্র মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।