অভিনয় ছাড়ছেন রণবীর কাপুর? ভক্তদের অবাক করে দিলেন অভিনেতা!

অভিনয় জীবন থেকে অবসরের ইঙ্গিত, পরিচালনায় নামছেন রণবীর কাপুর
বিনোদন ডেস্ক: বলিউড তারকা রণবীর কাপুর অভিনয় থেকে সরে দাঁড়িয়ে ক্যারিয়ারের নতুন এক অধ্যায় শুরুর ইঙ্গিত দিয়েছেন। খুব শীঘ্রই ক্যামেরার সামনের জগত ছেড়ে তিনি পরিচালকের আসনে বসার বড় পরিকল্পনা গ্রহণ করেছেন। নিজের এই নতুন স্বপ্নের কথা তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন।
রণবীর জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি তার প্রথম ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন। সব ঠিকঠাক থাকলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে তিনি পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন। তবে চমকপ্রদ বিষয় হলো, নিজের পরিচালিত প্রথম ছবিতে অভিনেতা হিসেবে থাকার কোনো পরিকল্পনা তাঁর নেই।
চিত্রনাট্য লেখার অভিজ্ঞতা প্রসঙ্গে রণবীর বলেন, “লেখা শুরু করার পর থেকে চিত্রনাট্যকার এবং সৃষ্টিশীল মানুষদের প্রতি আমার শ্রদ্ধা বহুগুণ বেড়ে গিয়েছে। একটি নতুন গল্প তৈরি করে তা নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তোলা অত্যন্ত কঠিন কাজ।”
পরিচালনার প্রতি আগ্রহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা বলেন, একজন পরিচালকের সৃষ্টির অনুভূতি অত্যন্ত গভীর ও তৃপ্তিদায়ক। তাঁর মতে, একজন সঙ্গীতশিল্পীর পর সৃষ্টির সবচেয়ে খাঁটি আনন্দ একজন পরিচালকই উপভোগ করতে পারেন।
এদিকে, রণবীরের এই ঘোষণা তাঁর অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এটি তাঁর অভিনয় জীবনের শেষ দশক হতে পারে। অর্থাৎ, আগামী কয়েক বছরের মধ্যেই অভিনয় জগত থেকে তাঁর বিদায় নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রণবীরের এই সিদ্ধান্তের পর একদিকে যেমন প্রিয় তারকাকে হারানোর শূন্যতা তৈরি হয়েছে ভক্তদের মনে, অন্যদিকে পরিচালক হিসেবে তাঁর নতুন সৃষ্টির অপেক্ষায়ও রয়েছে অনেকে।