আদালত চত্বরেই অকথ্য গালিগালাজ, ভাইরাল পরীমণির বিস্ফোরক ভিডিও!

আদালত চত্বরে বিশৃঙ্খলা: জামিন শেষে ক্ষুব্ধ পরীমণি, আহত ৪ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বৃহস্পতিবার সকালে চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একটি মামলায় জামিন নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে অভিনেত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় চারজন সাংবাদিক আহত হয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা একটি মামলায় জামিন নিতে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হন পরীমণি। বিচারক তাঁর জামিন মঞ্জুর করার পর সকাল সাড়ে ১১টা নাগাদ অভিনেত্রী আদালত চত্বর ত্যাগ করছিলেন। ওই সময় ১০ জন নিরাপত্তারক্ষীর বলয় ভেদ করে তাঁকে ক্যামেরাবন্দি করতে সাংবাদিক ও উৎসুক জনতার ভিড় তৈরি হয়।
ভিড়ের মধ্যে এক সাংবাদিক তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন—এমন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন চিত্রনায়িকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চরম উত্তেজিত অবস্থায় তিনি উচ্চস্বরে চিৎকার করে বলছেন, “ওই গায়ে হাত দিচ্ছিস কেন রে…?”
এই পরিস্থিতির সুযোগে অভিনেত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীদের মধ্যে এবং উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে প্রচণ্ড ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত চারজন সাংবাদিক আহত হন। আহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উল্লেখ্য, ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা ওই মামলায় পরীমণি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিজাত ক্লাবে মদ্যপান ও ভুয়া মামলার হুমকির অভিযোগ আনা হয়েছিল। মামলায় নিয়মিত হাজিরা না দেওয়ায় গত বুধবার আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানা মাথায় নিয়েই বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং ৫০০ টাকার মুচলেকায় জামিন পান।