সব বাধা তুচ্ছ করে ইন্দোরে কনসার্ট! হুংকার ছাড়লেন দিলজিৎ দোসাঞ্ঝ

বোমা হামলার হুমকি ও গানের ওপর নিষেধাজ্ঞা, নানা জটিলতার মাঝে ইন্দোরে দিলজিতের কনসার্ট
ইন্দোর: আগামী ১৫ নভেম্বর ইন্দোরে আয়োজিত হতে চলেছে গায়ক দিলজিৎ দোসাঞ্জের ‘AURA India Tour 2026’-এর মেগা কনসার্ট। তবে অনুষ্ঠানটিকে ঘিরে তৈরি হয়েছে একাধিক নিরাপত্তা ও আইনি জটিলতা। কনসার্টের আগেই ইন্দোরের তিনটি বেসরকারি স্কুল এবং মেয়র পুষ্যমিত্র ভার্গবের দপ্তরে ইমেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। ইমেলগুলোতে দাবি করা হয়, কনসার্টকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের অনুষ্ঠানে না যাওয়ার জন্য সতর্কও করা হয়।
হুমকি পাওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। বম্ব স্কোয়াড স্কুলগুলোতে তল্লাশি চালালেও কোনো বিস্ফোরক মেলেনি। পুলিশ প্রাথমিক তদন্তে এটিকে ‘ভুয়ো ইমেল’ বলে মনে করছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে ক্রাইম ব্রাঞ্চ।
নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি আইনি বিতর্কেও জড়িয়েছে এই অনুষ্ঠান। চণ্ডীগড়ের এক অধ্যাপকের অভিযোগের ভিত্তিতে ইন্দোরের জেলা শিশু সুরক্ষা আধিকারিক মল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যে, কনসার্টে দিলজিৎ যেন ‘পাটিয়ালা পেগ’, ‘৫ তারা’, ‘জিব ভিচ লবিয়া’ এবং ‘জট উঠে ফায়ার করদা’—এই চারটি গান না করেন। অভিযোগ, গানগুলোর কথায় মদ, মাদক এবং অস্ত্রকে উৎসাহিত করা হয়েছে, যা পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশনার পরিপন্থী।
উল্লেখ্য, এর আগেও দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠানের অনুমতি পাওয়া নিয়ে টানাপোড়েন হয়েছিল। পরবর্তীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার শর্তে কনসার্টের অনুমতি মেলে। এছাড়া বিহারে অনুষ্ঠানের অনুমতি না মেলায় গায়ক প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
সমস্ত প্রতিকূলতা ও বিতর্ক উপেক্ষা করে দিলজিৎ ইন্দোরের মঞ্চ মাতাতে প্রস্তুত। ইন্দোরের পর ২১ নভেম্বর আমদাবাদ, ২৭ নভেম্বর মুম্বই, ২৯ নভেম্বর বেঙ্গালুরু, ৫ ডিসেম্বর লখনউ, ১২ ডিসেম্বর চণ্ডীগড় এবং ১৯ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর কনসার্ট হওয়ার কথা রয়েছে।