ফুটবল মাঠের পর এবার বিনোদন জগতে রোনাল্দো, প্রযোজনা করছেন নতুন টিভি সিরিজ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে আল নাসেরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্দো। তবে সব ধরনের ফুটবল থেকে কবে অবসর নেবেন, তা এখনও নিশ্চিত নয়। এরই মধ্যে নিজের কেরিয়ারের দ্বিতীয় ইনিংসের ঘোষণা করলেন পর্তুগিজ মহাতারকা। এবার তিনি পা রাখলেন বিনোদন জগতে। রোনাল্দো জানিয়েছেন, তাঁর প্রযোজিত প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’ (Day Ones)-এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে রোনাল্দো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানস’-এর প্রোডাকশন শুরু হলো। সামনে আরও চমক আসছে।’

এই সিরিজটি তৈরি হচ্ছে রোনাল্দোর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ইউআর মার্ভ স্টুডিওস’ (UR Marv Studios)-এর ব্যানারে। ২০২৫ সালে ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন রোনাল্দো। ‘কিংসম্যান’ খ্যাত পরিচালক ম্যাথিউ ভন এই সিরিজ়ের প্রথম পর্বটি পরিচালনা করবেন। প্রযোজনা সংস্থার চিফ ক্রিয়েটিভ অফিসার কার্লোস পেরেস জানিয়েছেন, রোনাল্দো এই সিরিজ়ে কার্যনির্বাহী প্রযোজকের দায়িত্ব পালনের পাশাপাশি সীমিত সংখ্যক পর্বে ক্যামিও চরিত্রে অভিনয়ও করবেন।

ফুটবলনির্ভর এই ১০ পর্বের সিরিজ়টির চিত্রনাট্য সাজানো হয়েছে বিখ্যাত ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের মৌলিক ভাবনা থেকে। সিরিজ়টিতে ব্রিটিশ ফুটবলের নেপথ্যের বাণিজ্যিক দিক এবং দলবদলের জটিল সমীকরণ তুলে ধরা হবে। গল্পের কেন্দ্রে রয়েছেন স্ট্যানলি ডাল্টন নামে এক ফুটবল এজেন্ট, যে চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। এছাড়া সিরিজ়ের অন্যতম বড় চমক হিসেবে থাকছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফরোয়ার্ড থিয়েরি অঁরি।

নিজের প্রথম প্রযোজনা নিয়ে রোনাল্দো বলেন, ‘আমার পুরো জীবনটাই ফুটবলকে ঘিরে। মাঠের বাইরের অসাধারণ সব গল্প পর্দায় তুলে ধরতে পেরে আমি গর্বিত। ম্যাথিউ ভন এবং থিয়েরি অঁরির মতো মানুষদের পাশে পাওয়া এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলেছে।’ আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যমগুলির দাবি অনুযায়ী, প্যারামাউন্ট প্লাস (Paramount+) প্ল্যাটফর্মে এই সিরিজ়টি দেখানো হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *