মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, মার্কিন ঘাঁটি টার্গেট করে ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, মার্কিন ঘাঁটি টার্গেট করে ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত চরম পর্যায়ে পৌঁছানোয় পুরো অঞ্চল কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার ইরানের ওপর মার্কিন-ইজরায়েল যৌথ হামলার পর পাল্টা প্রতিশোধের আগুনে ফুঁসছে তেহরান। ইরানের বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি এখন তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’।

আক্রান্ত মার্কিন রণতরি ও ঘাঁটি

সংঘাতের আঁচ লেগেছে কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং বাহরিনেও। বাহরিনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দফতর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। আবুধাবি এবং দুবাইয়ের মার্কিন ঘাঁটিগুলোর আশেপাশেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আবুধাবিতে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

টার্গেট যখন ‘আল উদেইদ’ ও ‘আল ধাফরা’

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরানের প্রধান লক্ষ্য হতে পারে কাতারের বিশাল ‘আল উদেইদ’ বিমান ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া কুয়েতের ‘দ্য রক’ খ্যাত আলি আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরশাহীর আল ধাফরা বিমান ঘাঁটিও এখন চরম ঝুঁকির মুখে। দুবাইয়ের জেবেল আলি বন্দর, যা মার্কিন নৌবাহিনীর বৃহত্তম কৌশলগত কেন্দ্র, সেখানেও হামলার আশঙ্কা করা হচ্ছে।

ছড়াচ্ছে আতঙ্ক, বন্ধ আকাশপথ

ইরাকের আইন আল আসাদ এবং এরবিল ঘাঁটিতেও উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে, সৌদি আরবে থাকা দুই হাজারেরও বেশি মার্কিন সেনা এবং প্রিন্স সুলতান বিমান ঘাঁটি রক্ষায় মোতায়েন করা হয়েছে প্যাট্রিয়ট ও থাড (THAAD) মিসাইল সিস্টেম। যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তাদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *