৬৬ লাখ নাম বাদ! কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় বড় চমক পশ্চিমবঙ্গে

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার প্রকাশিত এই তালিকায় দেখা গেছে, রাজ্যজুড়ে মোট ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের নাম বাদ পড়েছে। বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২ এবং মহিলা ভোটার ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,৩৮২ জন।
কীভাবে তালিকায় নিজের নাম দেখবেন?
- অনলাইন: নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা ‘ECI Net’ অ্যাপের মাধ্যমে নাম ও EPIC নম্বর দিয়ে যাচাই করা যাবে।
- অফলাইন: প্রতিটি বুথ লেভেল অফিসারের (BLO) কাছে চূড়ান্ত তালিকার কপি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ভোটকেন্দ্রেও এই তালিকা প্রদর্শিত হবে।
- রাজনৈতিক দল: স্বীকৃত আটটি রাজনৈতিক দলকে তালিকার সফট কপি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বুথ লেভেল এজেন্টদের হার্ড কপি দেওয়া হবে।
১৬ ডিসেম্বর ২০২৫-এর খসড়া তালিকার পর দ্বিতীয় পর্যায়ে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন এবং ৬,৬৭১ জনের তথ্য সংশোধন করা হয়েছে।