মরণোত্তর মুক্তি ২৫ হাজার কোটির কেলেঙ্কারি থেকে, মস্ত বড় স্বস্তি পেলেন সুনেত্রা পাওয়ার

মরণোত্তর মুক্তি ২৫ হাজার কোটির কেলেঙ্কারি থেকে, মস্ত বড় স্বস্তি পেলেন সুনেত্রা পাওয়ার

অজিত পাওয়ারের মৃত্যুর পর নাটকীয় মোড় মহারাষ্ট্রের রাজনীতিতে। দীর্ঘদিনের পিছু ধাওয়া করা ২৫ হাজার কোটি টাকার মহারাষ্ট্র রাজ্য সমবায় ব্যাংক (এমএসসিবি) দুর্নীতির মামলা থেকে শেষ পর্যন্ত মুক্তি পেলেন প্রয়াত নেতা অজিত পাওয়ার। আদালতের এই রায়ে কলঙ্কমুক্ত হলেন তাঁর স্ত্রী তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ারও।

বেঁচে থাকতে যাঁকে বারবার ‘ওয়াশিং মেশিন’ বা ‘পেন্ডুলাম’ রাজনীতির খোঁচা শুনতে হয়েছিল, মৃত্যুর এক মাস পর তাঁর বিরুদ্ধেই সমস্ত অভিযোগ খারিজ করে দিল মুম্বইয়ের বিশেষ আদালত। পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা (EOW) তদন্তের পর ক্লিনচিট দিয়ে ‘ক্লোজার রিপোর্ট’ জমা দিয়েছিল, যা গ্রহণ করেছে আদালত।

তদন্তকারীদের দাবি, ঋণ মঞ্জুর বা টাকা পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো রকম ফৌজদারি অপরাধ বা নিয়ম বহির্ভূত কাজের প্রমাণ মেলেনি। এই রায়ের ফলে দীর্ঘদিনের আর্থিক অনিয়মের অভিযোগ থেকে পুরোপুরি মুক্তি পেল পাওয়ার পরিবার। সমাজকর্মীদের পক্ষ থেকে নতুন করে তদন্তের যে আর্জি জানানো হয়েছিল, আদালত তাও খারিজ করে দিয়েছে। বারামতীর বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের অকাল প্রয়াণের পর এই আইনি জয় সুনেত্রা পাওয়ারের রাজনৈতিক অবস্থানকে আরও মজবুত করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *