পশ্চিম এশিয়ায় যুদ্ধের দাবানল, ইরান ও ইজরায়েলের আকাশপথ বন্ধের সাথে ভারতীয়দের জন্য জারি চরম সতর্কতা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দাবানল, ইরান ও ইজরায়েলের আকাশপথ বন্ধের সাথে ভারতীয়দের জন্য জারি চরম সতর্কতা

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে এল যুদ্ধের কালো মেঘ। তেহরানে আমেরিকা ও ইজরায়েলের হামলার পাল্টা জবাব দিতে ইরান একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করতেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। ইজরায়েল, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার এবং বাহরিন জুড়ে চরম অস্থিরতা তৈরি হওয়ায় ওই দেশগুলোতে থাকা ভারতীয়দের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে নয়াদিল্লি।

আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় সম্পূর্ণ বিপর্যস্ত বিমান পরিষেবা। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং কাতার এয়ারওয়েজের মতো বড় সংস্থাগুলো তাদের উড়ান বাতিল করেছে। এমনকি অনেক বিমানের পথ মাঝ আকাশেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার তেল আভিভগামী বিমানটি জরুরি ভিত্তিতে মুম্বইয়ের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ২ মার্চ পর্যন্ত লেবানন, সিরিয়া এবং ইরাকসহ একাধিক দেশে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে টার্কিশ এয়ারলাইন্স ও এয়ারফ্রান্স।

তেল আভিভ ও তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রবাসীরা যেন স্থানীয় সরকারের নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলেন। নিরাপদ আশ্রয়স্থলের খোঁজ রাখা এবং অযথা বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় সেখানে থাকা ভারতীয়দের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দিয়েছে দূতাবাস। পরিস্থিতি বিচার করে প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতের বিদেশ মন্ত্রক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *