মাঝ আকাশে ঘুমাচ্ছেন বৈমানিক! অজিত পাওয়ারের মৃত্যুর এক মাস পর বিস্ফোরক ভিডিও ফাঁস করে বিচার চাইলেন ছেলে জয়

মহারাষ্ট্রের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের হেলিকপ্টার দুর্ঘটনার এক মাস কাটতে না কাটতেই সামনে এল এক হাড়হিম করা তথ্য। মাঝ আকাশে ওড়ার সময় চালকের আসনে বসেই ঘুমাচ্ছেন খোদ বিমান সংস্থার মালিক! এমনই এক চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন প্রয়াত নেতার পুত্র জয় পাওয়ার।
গত ২৮ জানুয়ারি ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান অজিত পাওয়ারসহ পাঁচজন। সেই শোক কাটতে না কাটতেই জয় পাওয়ারের শেয়ার করা এই ভিডিও দুর্ঘটনার নেপথ্যে থাকা গাফিলতিকে নতুন করে উসকে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভিএসআর (VSR) সংস্থার মালিক রোহিত সিং প্রধান পাইলটের আসনে বসে গভীর ঘুমে মগ্ন, যখন বিমানটি মাঝ আকাশে উড়ছে।
এই চরম দায়িত্বজ্ঞানহীনতা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন জয়। তিনি সরাসরি ডিজিসিএ-র (DGCA) কাছে দাবি জানিয়েছেন যেন দ্রুত এই ঘটনার তদন্ত করা হয়। জয় পাওয়ারের স্পষ্ট দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভিএসআর সংস্থার সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখা হোক এবং মালিক রোহিত সিংকে অবিলম্বে গ্রেফতার করা হোক। ইন্সটাগ্রামে এই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, “একজন সন্তান হিসেবে বাবার মৃত্যুর বিচার চাইছি। মাঝ আকাশে এমন অবহেলা মেনে নেওয়া যায় না।”
ইতিমধ্যেই এই ভিডিও প্রকাশ্যে আসার পর মহারাষ্ট্রের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। অজিত পাওয়ারের ভাইপো তথা বিধায়ক রোহিত পাওয়ারও এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার এবং অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করার দাবি তুলেছেন। এখন দেখার, এই বিস্ফোরক প্রমাণের ভিত্তিতে প্রশাসন ঠিক কী পদক্ষেপ গ্রহণ করে।