ভোটার তালিকায় পরিবারের ৯ জনের নাম ‘বিচারাধীন’ শুনেই মৃত্যু বৃদ্ধের

ভোটার তালিকায় পরিবারের ৯ জনের নাম ‘বিচারাধীন’ শুনেই মৃত্যু বৃদ্ধের

মুর্শিদাবাদ জেলার গুধিয়া গ্রামে ভোটার তালিকা বিভ্রাটকে কেন্দ্র করে নেমে এল চরম শোকের ছায়া। পরিবারের ৯ জন সদস্যের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’ বা ‘আন্ডার রিভিউ’ থাকার খবর শুনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সত্তরোর্ধ্ব বৃদ্ধ আব্দুল শেখের। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। মুর্শিদাবাদ বিধানসভার ২৪৪ নম্বর বুথের ভোটার আব্দুল শেখ নিজের পরিবারের সদস্যদের নাম তালিকায় না দেখে চরম দুশ্চিন্তায় ছিলেন। গত রাতে সেই আতঙ্কেই তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে দাবি পরিবারের।

এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হরিরামপুর-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করেন। অবরোধের জেরে প্রায় এক ঘণ্টা ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায় উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের সাফ হুঁশিয়ারি, সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে এমন টালবাহানা বন্ধ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *