রেয়ার আর্থ খনিজ উত্তোলনে ভারত-জাপান সম্ভাব্য চুক্তি, চিনের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য

রাজস্থানের খনি থেকে ‘রেয়ার আর্থ’ খনিজ উত্তোলনে জাপানের সাথে কৌশলগত চুক্তির পথে হাঁটছে ভারত। গত মাসে রাজস্থান ও গুজরাটে ১২.৯ লক্ষ মেট্রিক টন খনিজ অক্সাইডের ভাণ্ডার মেলায় এই উদ্যোগ গতি পেয়েছে। মূলত উন্নত প্রযুক্তির বিনিময়ে জাপান এই খনিজ সংগ্রহ করতে আগ্রহী। হার্ড রক থেকে খনিজ নিষ্কাশনে জাজল প্রযুক্তি ও বিনিয়োগ ভারতের খনি শিল্পে নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে।
চিনের একাধিপত্য খর্ব করতে দুই দেশই খনিজ সরবরাহের উৎস বহুমুখী করতে চায়। জাপানের অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রক বিশ্বজুড়ে খনিজ প্রকল্পের খোঁজ চালাচ্ছে। শুধু ভারত নয়, ভবিষ্যতে আফ্রিকায় লিথিয়াম ও কোবাল্ট অনুসন্ধানেও যৌথভাবে কাজ করতে পারে দিল্লি ও টোকিও। এই পদক্ষেপ সফল হলে ভারতের নিজস্ব প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনের লক্ষ্য পূরণ হবে এবং আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে।