হাদি হত্যায় ধৃতদের হস্তান্তরের আবেদন জানিয়ে নয়াদিল্লিকে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের নিজেদের হেফাজতে চেয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ধৃতদের হস্তান্তরের আবেদন জানিয়ে বিদেশ মন্ত্রকের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে। চলতি বছরের শুরুতে ঢাকায় নির্বাচনী প্রচারের সময় হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গত সপ্তাহে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত থেকে এই হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করে। জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। ধৃতরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টাকালে ধরা পড়ে।
বর্তমানে ধৃতরা ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র হেফাজতে দিল্লিতে রয়েছে। ভারতবিরোধী কোনো কর্মকাণ্ডে তারা লিপ্ত ছিল কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থাটি। ওয়াকিবহাল মহলের মতে, অনুপ্রবেশের মামলা এবং নিরাপত্তা সংক্রান্ত তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের দ্রুত প্রত্যর্পণের সম্ভাবনা ক্ষীণ। হাদি হত্যার ঘটনায় বাংলাদেশে ইতিপূর্বে ব্যাপক গণবিক্ষোভ ও অশান্তি দেখা দিয়েছিল।