সুনামির বেগে সোনার দামে উত্থান: একলাফে ১.৪৬ লক্ষের গণ্ডি পার ২৪ ক্যারেট গোল্ডের

দেশের বাজারে সোনার দামে বড়সড় ধামাকা। টানা দ্বিতীয় দিনের মতো মহার্ঘ হলো হলুদ ধাতু। আজ ২৬শে মার্চ বৃহস্পতিবার দেশজুড়ে সোনার দামে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। কলকাতা-সহ দেশের প্রধান শহরগুলিতে আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৬ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা ও নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধিকে এই দরবৃদ্ধির নেপথ্য কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নির্দিষ্ট পরিসংখ্যানে নজর দিলে দেখা যাচ্ছে, আজ ভারতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৪,৬৮৯ টাকা। একইভাবে বেড়েছে ২২ ও ১৮ ক্যারেট সোনার দামও। কলকাতায় আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার বাজারদর ১,৪৬,৬৮০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ১,৩৪,৪৬০ টাকা। দিল্লি ও জয়পুরের মতো শহরে ২৪ ক্যারেট সোনার দাম ১,৪৬,৮৩০ টাকায় পৌঁছেছে, যা মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
সোনার পাশাপাশি রুপোর বাজারেও আজ আগুনের ছোঁয়া। মাত্র একদিনের ব্যবধানে ব্যাপক উত্থানের পর বর্তমানে প্রতি কেজি রুপোর দাম ২ লক্ষ ৫০ হাজার ১০০ টাকায় দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে রুপোর দাম প্রতি আউন্সে ৭২.৬৭ ডলারে স্থির রয়েছে। বিনিয়োগকারীদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বজায় থাকলে মূল্যবান এই ধাতু দুটির দাম আগামী দিনে আরও বাড়তে পারে। সাধারণ ক্রেতাদের জন্য এই অগ্নিমূল্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।