পেনশনভোগীদের জন্য রাজ্য সরকারের বড় ঘোষণা, এখন থেকে মিলবে আনলিমিটেড ক্যাশলেস চিকিৎসার সুযোগ

রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে বড়সড় বদল আনল নবান্ন। এতদিন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মীরা সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পেতেন, যার অতিরিক্ত খরচ নিজেদেরই বহন করতে হতো। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে চিকিৎসার বিল ২ লক্ষ টাকা অতিক্রম করলেও ক্যাশলেস সুবিধার আওতাতেই থাকবেন পেনশনভোগীরা। চাকরিরত কর্মীদের মতো অবসরপ্রাপ্তরাও এখন থেকে এই বিশেষ আর্থিক সুরক্ষা পাবেন, যা তাঁদের চিকিৎসা সংক্রান্ত দুশ্চিন্তা অনেকটাই লাঘব করবে।
এই বর্ধিত সুবিধা পেতে নির্দিষ্ট কিছু শর্ত পালন করতে হবে আবেদনকারীদের। শুধুমাত্র হাসপাতালে ভর্তি বা আইপিডি চিকিৎসার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে এবং চিকিৎসা চলাকালীন খরচের বহর দেখে অনুমোদনের আবেদন জানানো যাবে। হাসপাতালের দেওয়া এস্টিমেটের ৭৫ শতাংশ টাকা পর্যন্ত অনুমোদন দেবে রাজ্য সরকার, যা প্রতিবার ১০ দিনের জন্য কার্যকর থাকবে। তবে স্কিম বহির্ভূত কোনো অতিরিক্ত খরচ হলে তা সংশ্লিষ্ট ব্যক্তিকেই মেটাতে হবে। দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে কর্মীরা বারবার আবেদনের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।