ট্রাম্পের হুশিয়ারি আর মিলবে মাত্র তিন দিন, না মানলে ধ্বংস হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র

ইরানি জ্বালানি স্থাপনায় হামলার সময়সীমা আরও তিন দিন বাড়িয়ে আগামী ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিশেষ অনুরোধে এবং হরমুজ প্রণালী দিয়ে আটটি তেলের ট্যাঙ্কার চলাচলের অনুমতি দেওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমানে দুই দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা চলছে এবং ইরান আরও কিছুটা সময় চেয়েছিল।
তবে ট্রাম্পের এই নমনীয়তার সমান্তরালে রয়েছে চরম হুঁশিয়ারি। তিনি সাফ জানিয়েছেন যে ইরান যদি নির্দিষ্ট শর্তাবলি মেনে না চলে, তবে মার্কিন সামরিক বাহিনী তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেবে। এই উত্তেজনার মাঝেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে পতন লক্ষ্য করা গেছে। ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১০৬ ডলারের নিচে নেমে আসায় আপাতত স্বস্তি ফিরলেও, এপ্রিলের সময়সীমা পার হওয়ার আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চরম অনিশ্চয়তা কাটছে না।