কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হতে পারে এই ৬ জেলা! চরম সতর্কতা

দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই এখন প্রকৃতির রুদ্ররূপের ঘনঘটা। গত কয়েক দিনের স্বস্তির পর ফের একবার বৃষ্টির দাপট আর ঝোড়ো হাওয়ায় কাঁপতে চলেছে রাজ্য। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ঝাড়খণ্ডের ওপর অবস্থান করা নিম্নচাপ অক্ষরেখা এবং দক্ষিণবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত অন্য একটি অক্ষরেখার জোড়া ফলায় বির্পযস্ত হতে পারে জনজীবন। রবিবার বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও নদিয়া জেলায় বৃষ্টির দাপট সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার বাসিন্দাদের জন্য রয়েছে শিলাবৃষ্টির ভ্রুকুটি। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ইতিপূর্বেই জারি হয়েছে কমলা সতর্কতা। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও বৃষ্টির তীব্রতা বাড়ার পাশাপাশি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা থাকায় পর্যটক ও স্থানীয়দের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পশ্চিমের জেলাগুলোতেও এখনই স্বস্তি নেই। পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুরে সোমবার থেকে ঝড়ের দাপট আরও বাড়ার ইঙ্গিত মিলেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী বুধবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গাছ বা কাঁচা বাড়ির নিচে আশ্রয় না নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বারবার অনুরোধ জানানো হচ্ছে।