ভোটের ডিউটিতে সিভিক ভলান্টিয়ার ব্যবহার নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন

আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার নিয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোট সংক্রান্ত কোনও দায়িত্বেই সিভিক ভলান্টিয়ার বা চুক্তিভিত্তিক কর্মীদের রাখা যাবে না। রাজ্যের সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কোনও আধিকারিক নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলে তাঁদেরও অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে যে শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মী বা কেন্দ্রীয় সংস্থার কর্মীদের মাধ্যমেই পোলিং পার্সোনেল গঠন করতে হবে। কোনও জেলায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হলে সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করার পাশাপাশি কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিককে আগামী ৩০ মার্চের মধ্যে মুচলেকা দিয়ে জানাতে হবে যে নিযুক্ত কর্মীরা সবাই স্থায়ী সরকারি কর্মচারী। এই নির্দেশের পরেই কলকাতা পুলিশসহ প্রতিটি জেলা প্রশাসন বিকল্প কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু করে দিয়েছে।