আহত বাঘ বেশি ভয়ঙ্কর, জঙ্গলমহল থেকে মোদী-শাহকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি মমতার

পুরুলিয়ার মানবাজারের নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে বেনজির আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের ‘ব্যান্ডেজ’ কটাক্ষের পাল্টা জবাবে তিনি প্রশ্ন তোলেন, “আগের বার ইচ্ছা করে পায়ে চোট দিয়েছিলে, এবার কি আমায় মারার প্ল্যান করছ?” নিজেকে ‘আহত বাঘ’ হিসেবে তুলে ধরে তিনি হুঙ্কার দেন যে, সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ অনেক বেশি বিপজ্জনক এবং ব্যালট বক্সেই এর যোগ্য জবাব দেবে বাংলার মানুষ।
বিজেপিকে ‘হাদা ভোঁদার দল’ ও ‘গণতন্ত্রহত্যাকারী’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম বাড়িয়ে দেশটাকে বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক উড়িয়ে দিয়ে তিনি জানান, তৃণমূল সরকার বিনা পয়সায় নাম সংশোধনের সব রকম ব্যবস্থা করবে। একইসঙ্গে মা-বোনেদের বুথ পাহারা দেওয়ার ডাক দিয়ে তিনি বলেন, বিজেপি চক্রান্ত করে বহু জায়গায় ফের ভোট করানোর পরিকল্পনা করছে।
উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় ফিরলে রাজ্যের সব কাঁচা বাড়ি পাকা করে দেওয়া হবে এবং মহিলারা আজীবন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা পাবেন। কেন্দ্রীয় এজেন্সির দাপট ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি সাফ জানান, তাঁর হাত থেকে প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়া হলেও মানুষের সমর্থন তাঁর সঙ্গেই আছে। মানবাজারের মাটি থেকে তৃণমূল নেত্রীর আত্মবিশ্বাসী বার্তা, এই বাংলাই আগামী দিনে দিল্লি জয়ের পথ দেখাবে।