শান্তিপূর্ণ শোভাযাত্রায় ক্ষিপ্ত মোষের তাণ্ডব, উত্তরপাড়ায় রক্তাক্ত ৩ জন

শান্তিপূর্ণ শোভাযাত্রায় ক্ষিপ্ত মোষের তাণ্ডব, উত্তরপাড়ায় রক্তাক্ত ৩ জন

হুগলি প্রতিনিধি: আঁটোসাঁটো নিরাপত্তা আর ড্রোনের নজরদারির মধ্যেই রামনবমীর শোভাযাত্রায় লঙ্কাকাণ্ড। উত্তরপাড়ায় আচমকা একদল ক্ষিপ্ত মোষ ঢুকে পড়ায় হুড়োহুড়ি পড়ে যায়। মোষের গুঁতোয় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাজনার শব্দে মোষগুলো হিতাহিত জ্ঞান হারিয়ে মিছিলে চড়াও হয় বলে জানা গেছে।

অন্যদিকে রিষড়া ও শ্রীরামপুরে নজিরবিহীন সতর্কতায় পালিত হলো রামনবমী। চন্দননগর পুলিশ কমিশনার সুনীল যাদবের সরাসরি তত্ত্বাবধানে ১৪টি শোভাযাত্রা ঘিরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। র্যাফ ও আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে প্রতিটি মোড়ে মোড়ে ছিল সিসিটিভি এবং বডি ক্যামেরার নজরদারি। হাইকোর্টের কড়া নির্দেশ মেনে মিছিলে অস্ত্রের দাপট বা তারস্বরে ডিজে বাজানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি ছিল। ড্রোন উড়িয়ে প্রতিটি মুহূর্তের রেকর্ডিং করা হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে বিচ্ছিন্ন এক দুর্ঘটনা ছাড়া জেলাজুড়ে পুলিশের তৎপরতায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বর্ণাঢ্য এই উৎসব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *