তিলোত্তমা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব? ধেয়ে আসছে ৬০ কিমি বেগের ঝোড়ো হাওয়া আর শিলাবৃষ্টি

তিলোত্তমা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব? ধেয়ে আসছে ৬০ কিমি বেগের ঝোড়ো হাওয়া আর শিলাবৃষ্টি

নিউজ ডেস্ক –

সপ্তাহের শুরুতেই বদলে গেল রাজ্যের আবহাওয়া। আজ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা থেকে মেদিনীপুর— সর্বত্রই ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে তৈরি হয়েছে শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা।

কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বিশেষত হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও ঝড়ের দাপট থাকবে। তবে দিনের শেষে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে। আসাময়ের এই অকাল বর্ষণে তিলোত্তমা কলকাতার তাপমাত্রার পারদ ইতিমধ্যেই অনেকটাই নেমেছে। সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *