লক্ষ্মীর ভাণ্ডারে রেকর্ড বরাদ্দ বাড়াল রাজ্য ভোট আবহে মহিলাদের জন্য এল বড় ঘোষণা

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ নিল অর্থ দফতর। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম চার মাসের জন্য ‘ভোট অন অ্যাকাউন্ট’-এর ভিত্তিতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এই প্রকল্পের জন্য প্রায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা সামগ্রিক বাজেটের প্রায় ৩৩ শতাংশ। প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজের গতি সচল রাখতে এই অন্তর্বর্তীকালীন তহবিল ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাস থেকেই এই প্রকল্পের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন। নতুন বিজ্ঞপ্তিতে বেতন, মজুরি ও ওষুধের মতো জরুরি প্রশাসনিক খাতেও ৩৩ শতাংশ পর্যন্ত অর্থ ব্যয়ের অনুমতি দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট ২০২৬ মেনে প্রতিটি দফতরকে এই অর্থ ব্যয়ের নির্দেশ দেওয়া হয়েছে, যা নির্বাচনী আবহে সাধারণ মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।