টাকা মেটায়নি বাংলাদেশ! পদ্মাপারে আইপিএল সম্প্রচার নিয়ে জিওহটস্টারের চরম সিদ্ধান্ত

বাংলাদেশে কি তবে বন্ধ হচ্ছে আইপিএল? বকেয়া টাকা নিয়ে রণংদেহি মেজাজে জিওহটস্টার। বাংলাদেশি সম্প্রচারকারী সংস্থা টি-স্পোর্টসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি ছিন্ন করল তারা। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএল ও মহিলাদের প্রিমিয়ার লিগ সম্প্রচারের যে স্বত্ব বাংলাদেশের হাতে ছিল, তা এখন বিশ বাঁও জলে।
জিওহটস্টারের তরফে পাঠানো চিঠিতে সাফ জানানো হয়েছে, বারবার সময় দেওয়া সত্ত্বেও চুক্তির শর্ত অনুযায়ী বকেয়া টাকা মেটাতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট বাংলাদেশি সংস্থা। এই ধারাবাহিক গাফিলতির কারণেই কঠোর পদক্ষেপ হিসেবে চুক্তি বাতিলের পথে হাঁটল তারা। ফলে আইপিএলের চার ছক্কার ফুলঝুরি দেখা থেকে বঞ্চিত হতে পারেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
মজার বিষয় হলো, আইপিএল দেখানো নিয়ে ওপার বাংলার অন্দরেই চলছে টানাপোড়েন। একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের একাংশ আইপিএল সম্প্রচারে ‘সবুজ সংকেত’ দেওয়ার ইঙ্গিত দিলেও, তথ্যমন্ত্রক স্পষ্ট করেছে যে আগের নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। তবে সরকারি জট কাটার আগেই জিওহটস্টারের এই বাণিজ্যিক সিদ্ধান্তে আইপিএল সম্প্রচার এখন অনিশ্চয়তার মুখে। টি-স্পোর্টস বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।