নিষেধাজ্ঞা উঠেও ফিরল না আইপিএল! বাংলাদেশের দর্শকদের হতাশ করে চরম সিদ্ধান্ত নিল জিওস্টার

আইপিএল সম্প্রচার নিয়ে জট কাটল না বাংলাদেশে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে বড় সিদ্ধান্ত নিল জিওস্টার। বাংলাদেশি সম্প্রচারকারী সংস্থা টিস্পোর্টসের সঙ্গে আইপিএল দেখানোর চুক্তি একতরফাভাবে বাতিল করে দিয়েছে তারা। ফলে চলতি মৌসুমে অফিশিয়াল চ্যানেলে আইপিএল দেখা থেকে বঞ্চিত হতে চলেছেন ওপারের দর্শকরা।
জিওস্টারের পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে যে, চুক্তির শর্ত অনুযায়ী সময়মতো অর্থ পরিশোধ করতে বারবার ব্যর্থ হয়েছে টিস্পোর্টস। ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত পাঁচ বছরের জন্য বাংলাদেশে আইপিএল দেখানোর দায়িত্ব ছিল তাদের ওপর। কিন্তু বারবার পেমেন্টে বিলম্ব হওয়ার কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে মহিলাদের প্রিমিয়ার লিগের ক্ষেত্রেও একই কারণ দেখিয়ে চুক্তি বাতিল করা হয়েছিল।
তবে এই সংকটের মূলে শুধু ব্যবসাই নয়, জড়িয়ে রয়েছে গভীর ক্রীড়া কূটনীতিও। কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের মতো ইস্যুগুলো ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে যে চিড় ধরিয়েছিল, এই সম্প্রচার বিতর্ক তাকে আরও উসকে দিল। যদিও সরকার থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত মিলেছিল, কিন্তু জিওস্টারের এই আচমকা সিদ্ধান্তে আপাতত আইপিএল থেকে দূরেই থাকতে হচ্ছে বাংলাদেশের দর্শকদের।