আরজি করে ফের বড়সড় বিপত্তি! মেয়েদের হস্টেলে চাঙড় ভেঙে হুলুস্থুল কাণ্ড

আরজি করে ফের বড়সড় বিপত্তি! মেয়েদের হস্টেলে চাঙড় ভেঙে হুলুস্থুল কাণ্ড

নিউজ ডেস্ক :

আরজি কর মেডিক্যাল কলেজে পরিকাঠামো নিয়ে ফের একবার তীব্র চাঞ্চল্য ছড়ালো। এবার খাস লেডিস হস্টেলের শৌচালয়ে সিলিং থেকে চাঙড় ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। রবিবারের এই ঘটনায় হস্টেলের নিরাপত্তা ও জরাজীর্ণ দশা নিয়ে ফের প্রশ্নের মুখে কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে। ছাত্রীদের দাবি, আচমকাই মেয়েদের হস্টেলের একটি শৌচালয়ের ছাদের অংশ খসে পড়ে। ভাগ্যবশত সেই সময় ভেতরে কেউ না থাকায় প্রাণহানির মতো ঘটনা ঘটেনি, তবে এই ঘটনায় হস্টেলের আবাসিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পড়ুয়াদের অভিযোগ, ললিত মেমোরিয়ালসহ অন্যান্য হস্টেলগুলোর অবস্থাও অত্যন্ত জরাজীর্ণ।

এই ঘটনার প্রতিবাদে এবং হস্টেলের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের দাবিতে সোমবার সরব হয় আরজি করের ‘স্টুডেন্টস বডি’। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে প্রায় তিন ঘণ্টা ব্যাপী এক ম্যারাথন বৈঠক করেন পড়ুয়ারা। বৈঠক শেষে ছাত্র প্রতিনিধিরা জানান যে তাঁরা ছয় দফা দাবি পেশ করেছেন। এর মধ্যে হস্টেল ও হাসপাতালের পরিকাঠামো দ্রুত মেরামত, পানীয় জলের সমস্যার সমাধান এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়গুলি প্রাধান্য পেয়েছে।

পড়ুয়াদের চাপের মুখে নতিস্বীকার করে কর্তৃপক্ষ ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই প্রাথমিক কাজ শেষ হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে হস্টেল সুপার এবং পূর্ত বিভাগের আধিকারিকরা পড়ুয়াদের সঙ্গে নিয়ে প্রতিটি হস্টেল পরিদর্শন করবেন এবং কোন ঘরগুলি থাকার যোগ্য তা খতিয়ে দেখবেন।

উল্লেখ্য, গত কয়েক দিনে আরজি কর হাসপাতালে একের পর এক বিতর্কিত ঘটনা সামনে এসেছে। ট্রমা কেয়ার সেন্টারের লিফটে আটকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু থেকে শুরু করে পরিকাঠামোর অভাবে রোগীর মৃত্যু— সব মিলিয়ে উত্তপ্ত আরজি কর। তার মধ্যেই ছাত্রীদের হস্টেলে এই চাঙড় ভেঙে পড়ার ঘটনা কর্তৃপক্ষের উদাসীনতাকেই ফের প্রকট করে তুলল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী বৃহস্পতিবার ফের এক দফায় বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *