কোটি টাকা না দিলে পার হবে না জাহাজ! হরমুজ প্রণালীতে চরম দাওয়াই ইরানের
হরমুজ প্রণালীতে এবার যাতায়াত করতে গেলেই গুনতে হবে আকাশছোঁয়া টাকা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের ওপর মোটা অঙ্কের টোল বসানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিল ইরান। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড়সড় অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানের পার্লামেন্টের সিকিউরিটি কমিটি এই নতুন টোল নীতিতে সবুজ সংকেত দিয়েছে। শুধু চড়া কর বসানোই নয়, আমেরিকা ও ইজরায়েলের জাহাজ চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে তেহরান। তাদের সাফ কথা, যারা ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা চাপিয়েছে, তাদের জন্য এই জলপথ ব্যবহারের নিয়ম হবে আরও কঠিন। মূলত হরমুজ প্রণালীর ওপর নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখতেই এই রণকৌশল নিয়েছে ইরান।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। স্বাভাবিকভাবেই ইরানের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে উদ্বেগের ছায়া। তবে ভারতের জন্য রয়েছে স্বস্তির খবর। বিশ্লেষকরা জানাচ্ছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে বিশেষ ছাড় দিচ্ছে ইরান। ভারতের আমদানিকৃত এলপিজি-র প্রায় ৯০ শতাংশই এই পথ দিয়ে আসে, তাই ইরানের এই নমনীয় মনোভাব ভারতের জ্বালানি সংকটের আশঙ্কা অনেকটাই কমিয়ে দিল।
ওমানের সঙ্গে যৌথভাবে একটি আইনি পরিকাঠামো তৈরির পরিকল্পনাও চালাচ্ছে ইরান। একদিকে ট্রাম্পের হুমকি আর অন্যদিকে ইরানের এই পালটা চালে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনীতি। এখন দেখার, এই টোল যুদ্ধের জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়।