কলকাতায় কি তবে শেষ হচ্ছে উবার শাটলের সফর? জেনে নিন ঠিক কবে থেকে বন্ধ হচ্ছে এই পরিষেবা

কলকাতায় কি তবে শেষ হচ্ছে উবার শাটলের সফর? জেনে নিন ঠিক কবে থেকে বন্ধ হচ্ছে এই পরিষেবা

কলকাতা ও শহরতলির অফিস যাত্রীদের জন্য দুঃসংবাদ। গত সাড়ে তিন বছর ধরে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া উবার শাটল (Uber Shuttle) পরিষেবা হঠাৎ করেই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩ এপ্রিল থেকেই মহানগরের রাস্তায় আর দেখা মিলবে না এই অ্যাপ-ক্যাব শাটল। উবারের এই আকস্মিক সিদ্ধান্তে রীতিমতো বিপাকে পড়েছেন কয়েক হাজার নিয়মিত যাত্রী।

যাত্রীদের জন্য বড় ধাক্কা

অফিস টাইমে বাসের ভিড় এড়াতে অনেক চাকুরিজীবীরই ভরসা ছিল উবার শাটল। এসি কোচের আরামদায়ক সফর আর সাশ্রয়ী ভাড়ার কারণে এই পরিষেবা দ্রুত জনপ্রিয় হয়েছিল। বিশেষ করে শহরতলি থেকে আসা যাত্রীদের কাছে এটি ছিল স্বস্তির ঠিকানা। তবে ৩ এপ্রিলের পর থেকে সেই স্বস্তি আর থাকছে না।

কেন এই সিদ্ধান্ত?

হঠাৎ কেন এই পরিষেবা বন্ধ হচ্ছে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও ‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’-এর সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সম্ভবত ফান্ডিং বা বিনিয়োগ সংক্রান্ত সমস্যার কারণেই কো ম্পা নি এই পথে হেঁটেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, এই পরিষেবা থেকে উবার আশানুরূপ লাভ করতে পারছিল না। শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য শহরেও এই শাটল পরিষেবা বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।

মাথায় হাত গাড়ি মালিকদের

এই সিদ্ধান্তের ফলে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন গাড়ি মালিক ও চালকরা। জানা গেছে, কলকাতায় প্রায় ৮০০ থেকে ১০০০টি গাড়ি উবার শাটলের অধীনে চলত। শুরুতে আকর্ষণীয় বোনাসের লোভে অনেক মালিক দামি গাড়ি কিনে এই পরিষেবায় যুক্ত করেছিলেন। এখন হঠাত করে কাজ হারানোয় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

বিকল্প কী হতে পারে?

উবার শাটল বন্ধ হওয়ায় যাত্রীরা বিকল্প পথের সন্ধান শুরু করেছেন। শোনা যাচ্ছে, ‘সিটিফ্লো’ নামে একটি নতুন সংস্থা শীঘ্রই কলকাতায় তাদের শাটল পরিষেবা শুরু করতে পারে। এছাড়া নিয়মিত যাতায়াতের জন্য বাইক-ট্যাক্সি, ছোট অ্যাপ-ক্যাব কিংবা মেট্রো রেলই এখন অফিস যাত্রীদের প্রধান ভরসা হয়ে উঠতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *