স্ত্রীর প্রেমিকের সাথে নিজের হাতে বিয়ে দিলেন স্বামী, ৯ বছরের সংসার ভাঙলেও নিলেন সন্তানদের দায়িত্ব

স্ত্রীর প্রেমিকের সাথে নিজের হাতে বিয়ে দিলেন স্বামী, ৯ বছরের সংসার ভাঙলেও নিলেন সন্তানদের দায়িত্ব

উত্তরপ্রদেশের সন্ত কবীরনগরের ধনঘাটা থানা এলাকায় এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল গ্রামবাসী। নিজের স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন স্বামী বাবলু। ২০১৭ সালে গোরক্ষপুরের রাধিকার সঙ্গে বিয়ে হয়েছিল বাবলুর। দীর্ঘ আট বছরের বিবাহিত জীবনে তাঁদের সাত বছর ও দুই বছরের দুটি সন্তানও রয়েছে। তবে জীবিকার তাগিদে বাবলু বাড়ির বাইরে থাকার সুযোগে গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন রাধিকা।

বিষয়টি জানাজানি হওয়ার পর বাবলু প্রথমে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু রাধিকা তাঁর প্রেমিকের সঙ্গেই থাকার জেদ ধরলে বাবলু এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি গ্রামবাসীদের উপস্থিতিতে রাধিকার মত জানতে চান। রাধিকা যখন স্পষ্ট জানান যে তিনি প্রেমিকের সাথেই ঘর বাঁধতে চান, তখন বাবলু বিবাদে না জড়িয়ে হাসিমুখে স্ত্রীকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে আইনি প্রক্রিয়া সেরে আদালতের মাধ্যমে নোটারি করেন এবং পরে মন্দিরে নিয়ে গিয়ে ধুমধাম করে স্ত্রীর বিয়ে দেন।

এই বিচ্ছেদে সবচেয়ে করুণ পরিণতি হয়েছে দুই নিষ্পাপ শিশুর। মা তাঁর প্রেমিককে বেছে নিলেও সন্তানদের দায়িত্ব নিতে অস্বীকার করেন। এমতাবস্থায় বাবলু বুক ফেটে গেলেও সাহসের পরিচয় দিয়ে জানান, “তুমি যাও, সন্তানদের আমি একাই মানুষ করব।” যেখানে পরকীয়া নিয়ে সমাজে প্রায়ই হিংসাত্মক ঘটনা ঘটে, সেখানে বাবলুর এই সংযত ও মানবিক আচরণ এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। স্ত্রীকে প্রেমিকের হাতে সঁপে দিয়ে দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন শুরুর পথে পা বাড়ালেন এই শান্ত স্বভাবের ব্যক্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *