পিপিএফ বিনিয়োগে লক্ষাধিক টাকা অতিরিক্ত লাভের সুযোগ ৫ এপ্রিলের মধ্যে সেরে ফেলুন এই কাজ

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ (PPF) বিনিয়োগকারীদের জন্য আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৬-২৭ আর্থিক বছরের শুরুতেই একটি সময়োপযোগী সিদ্ধান্ত আপনার সঞ্চয়ে প্রায় ৩ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত মুনাফা যোগ করতে পারে। পিপিএফ-এর নিয়ম অনুযায়ী, প্রতি মাসের ৫ তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত অ্যাকাউন্টে থাকা সর্বনিম্ন ব্যালেন্সের ওপর সুদের হিসেব করা হয়। ফলে ৫ এপ্রিলের মধ্যে বিনিয়োগ সম্পন্ন করলে পুরো এপ্রিল মাসের সুদ পাওয়া সম্ভব।
আপনি যদি ৫ এপ্রিলের পর টাকা জমা দেন, তবে ওই মাসের সুদ থেকে বঞ্চিত হবেন এবং সুদের হিসেব শুরু হবে মে মাস থেকে। বর্তমান ৭.১ শতাংশ সুদের হারে বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে জমার সময়ের এই সামান্য হেরফেরে বছরে প্রায় ৮৮৭ টাকা সুদের পার্থক্য তৈরি হয়। আপাতদৃষ্টিতে এই অঙ্ক ছোট মনে হলেও, ১৫ বছরের দীর্ঘ মেয়াদে চক্রবৃদ্ধি সুদের প্রভাবে এটি বিশাল বড় লোকসানের কারণ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর ৫ এপ্রিলের আগে ১.৫ লক্ষ টাকা জমা দিলে ১৫ বছর শেষে আপনার তহবিলের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৪০.৬৮ লক্ষ টাকা। অন্যদিকে, দেরি করে টাকা জমা দিলে সেই অঙ্ক কমে হতে পারে ৩৭.৮০ লক্ষ টাকা। অর্থাৎ, শুধুমাত্র সঠিক সময়ে টাকা জমা না দেওয়ার কারণে আপনি প্রায় ২.৯ লক্ষ টাকা হারাতে পারেন। পিপিএফ-এ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের পূর্ণ সুবিধা নিতে ৫ তারিখের সময়সীমা মেনে চলা জরুরি। যারা একবারে বড় অঙ্ক জমা দিতে পারছেন না, তারাও মাসের ৫ তারিখের মধ্যে মাসিক কিস্তি জমা দিয়ে নিজের মুনাফা বাড়াতে পারেন।