নাগপুরে আরএসএস সদর দফতরের কাছে বিপুল বিস্ফোরক উদ্ধার, নাশকতার ছক রুখতে জারি হাই অ্যালার্ট

মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস (RSS) সদর দফতরের অত্যন্ত কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে সদর দফতর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত একটি বাড়ির বাগান থেকে ১৫টি জিলেটিন স্টিক, ৫৮টি ডেটোনেটর, কানেক্টর এবং ১৫টি জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনার খবর জানাজানি হতেই গোটা নাগপুর শহর জুড়ে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’। আরএসএস সদর দফতরের মতো স্পর্শকাতর এলাকার কাছে এত পরিমাণ বিস্ফোরক মেলায় নাশকতার বড়সড় ছক ছিল কি না, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টা নাগাদ সিএ রোডের কাছে অবস্থিত ওই বাড়ির সদস্যরা তাঁদের বাগানে সন্দেহজনক কিছু বস্তু দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই স্থানীয় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ দল (BDDS) ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। তল্লাশিতে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী ও কার্তুজ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি প্রায় দেড় মাস ধরে ওই স্থানে মজুত ছিল। অত্যন্ত সুরক্ষিত এলাকায় কীভাবে এই সামগ্রীগুলো এল, তা খতিয়ে দেখতে জোর কদমে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে অতিরিক্ত পুলিশ কমিশনার নবীনচন্দ্র রেড্ডি সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বিস্ফোরক মজুতের নেপথ্যে কোনো বড় ধরনের ষড়যন্ত্র বা সন্ত্রাসবাদী যোগসূত্র রয়েছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আকস্মিক এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।