প্রচারে বেরিয়ে রক্তাক্ত বিজেপি প্রার্থী, ময়নাগুড়িতে দুর্ঘটনার কবলে ডালিম রায়

ভোটের উত্তাপের মধ্যেই প্রচার চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডালিম রায়। সোমবার বিকেলে ময়নাগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় জনসংযোগ করার সময় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে প্রার্থীর অবস্থা স্থিতিশীল থাকলেও এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে স্টেশন মোড় এলাকায় বিভিন্ন দোকানে ঢুকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলেন ডালিম রায়। সেই সময় একটি ওষুধের দোকানে প্রবেশ করার সময় বারান্দার নিচু টিনের চালে সজোরে আঘাত লাগে তাঁর মাথায়। টিনের ধারালো প্রান্তের আঘাতে প্রার্থীর কপাল কেটে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে তিনি রক্তাক্ত হয়ে পড়েন। সঙ্গে থাকা কর্মীরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে খবর, বিজেপি প্রার্থীর কপালে গুরুতর চোট থাকায় চিকিৎসকদের দুটি সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ডালিম বাবু এখন সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক হাসপাতালের সামনে ভিড় জমান। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জেরে এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনার সৃষ্টি হয়।
চিকিৎসকরা বিজেপি প্রার্থীকে আগামী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর ফলে ময়নাগুড়িতে বিজেপির নির্বাচনী প্রচার কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভোটের ঠিক মুখে প্রচার বন্ধ থাকায় কর্মীদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও প্রার্থী নিজে জানিয়েছেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে ফের ময়দানে নামবেন। বিজেপির জেলা নেতৃত্বও প্রার্থীর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন।