ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে এবার সরব দেশ বাঁচাও গণমঞ্চ

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে এবার সরব দেশ বাঁচাও গণমঞ্চ

পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এল। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-র সদস্যরা শাসক শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন। তাঁদের অভিযোগ, গণতান্ত্রিক লড়াইয়ে জয় আসাম্ভব জেনেই এখন ভোটার তালিকায় কারচুপি করার মাধ্যমে জয়ের পথ প্রশস্ত করতে চাইছে বিজেপি। এই ঘটনাকে বাংলার সাধারণ মানুষের নাগরিকত্ব লুঠ করার একটি সুপরিকল্পিত ‘নীল নকশা’ হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।

এদিনের সম্মেলনে বক্তারা দাবি করেন, পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন বর্তমানে বিজেপির নির্দেশে কাজ করছে। যার ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশাসনিক হয়রানির শিকার হতে হচ্ছে। বিশেষ করে ভোটার তালিকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম বাদ দেওয়া বা সংশোধনের নামে দীর্ঘসূত্রিতার অভিযোগ তুলেছেন তাঁরা। গণমঞ্চের মতে, এটি কেবল একটি যান্ত্রিক ত্রুটি নয়, বরং ভোটাধিকার কেড়ে নেওয়ার একটি রাজনৈতিক ষড়যন্ত্র।

সম্মেলনে আরও জানানো হয় যে, এই ধরনের অনিয়ম রুখতে এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দেশ বাঁচাও গণমঞ্চ রাজ্যজুড়ে বড় আন্দোলনে নামবে। তাঁদের মূল লক্ষ্য হলো ভোটার তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা। সাংবাদিক বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা স্পষ্টভাবে জানিয়েছেন যে, নাগরিকত্বের এই অধিকার রক্ষায় তাঁরা যেকোনো স্তরে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংগঠনটি দাবি করেছে, অবিলম্বে এই হয়রানি বন্ধ না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সাধারণ ভোটারদের সজাগ থাকার আহ্বান জানানোর পাশাপাশি তাঁরা প্রশাসনিক স্তরেও কড়া নজরদারি দাবি করেছেন। এখন দেখার বিষয়, বিরোধী দলগুলো এবং নির্বাচন কমিশন এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে আগামী দিনে কী পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *