ভোটের ভূগোল বদলে দেবে আসন পুনর্বিন্যাস, কেন দক্ষিণ ভারতের এত আপত্তি?

সংসদে বিশেষ অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিলটি পেশ করা হচ্ছে, যা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রস্তাবিত এই বিলটি আইনে পরিণত হলে লোকসভার আসন সংখ্যা বর্তমানের ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ হতে পারে। এ ছাড়া সংবিধানের ৮১ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে লোকসভার সদস্য সংখ্যা পুনর্নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ৮১৫ জন রাজ্য থেকে এবং ৩৫ জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে আসবেন। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই নারী সংরক্ষণ আইন কার্যকর করার লক্ষ্যেই সরকার আসন সংখ্যা বৃদ্ধির এই পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্র অনুযায়ী, ২০১১ সালের জনশুমারির ভিত্তিতে এই পুনর্বিন্যাস সম্পন্ন হবে।
এই বিলের ফলে প্রতিটি রাজ্যের আসন সংখ্যা প্রায় ৫৬ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যার তীব্র বিরোধিতা করছে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজনৈতিক দল। বিরোধীদের অভিযোগ, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্নির্ধারণ করা হলে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের সাংসদ সংখ্যা কমে যাবে, যা সংসদীয় প্রতিনিধিত্বের ভারসাম্য নষ্ট করবে। তাদের দাবি, যেসব রাজ্য পরিবার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করেছে, তারা এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে যে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজ্যগুলো কোনোভাবেই বঞ্চিত হবে না, বরং তারা উপকৃত হবে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এ বিষয়ে বিরোধীদের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন।