নিয়োগ দুর্নীতিতে বিতর্কের ঝড়, তৃণমূল ছাড়লেন কাউন্সিলর!

মেখলিগঞ্জে তৃণমূল প্রার্থী নিয়ে ক্ষোভ, বিজেপিতে যোগ দিলেন হলদিবাড়ির কাউন্সিলর পূরবী রায় প্রধান
জলপাইগুড়ি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পরেশচন্দ্র অধিকারীকে মেখলিগঞ্জ বিধানসভা আসনে পুনরায় তৃণমূল প্রার্থী করায় ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন হলদিবাড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূরবী রায় প্রধান। বুধবার রাতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপী গোস্বামীর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তিনি আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দেন। এর আগে তার স্বামী তথা মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধানও দলবদল করে বিজেপিতে নাম লিখিয়েছেন। নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়ে পূরবী দেবী জানান, শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো প্রার্থীর হয়ে তিনি মানুষের কাছে ভোট চাইতে যেতে পারবেন না।
এই দলবদলের ফলে ১১টি ওয়ার্ডবিশিষ্ট তৃণমূল পরিচালিত হলদিবাড়ি পৌরসভায় প্রথমবারের মতো থাবা বসাল বিজেপি। বর্তমানে এই পৌরসভার প্রতিটি আসনই তৃণমূলের দখলে ছিল। তবে এই ঘটনা নিয়ে খুব একটা চিন্তিত নয় ঘাসফুল শিবির। তৃণমূলের শহর ব্লক সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাসের দাবি, স্বামী-স্ত্রী উভয়েই ব্যক্তিগত স্বার্থে দলবদল করেছেন এবং এর কোনো নেতিবাচক প্রভাব আসন্ন ভোটের ফলাফলে পড়বে না। অন্যদিকে, পূরবী দেবীর বিজেপিতে যোগদানের পর থেকেই পদ্ম শিবিরের দাবি, আরও বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, যারা উপযুক্ত সময়ে বিজেপিতে যোগ দেবেন।