‘বিজেপি ৫০০ ভোটে এগোলেই পুনর্গণনার দাবি তুলুন’, গণনার আগে এজেন্টদের কড়া নির্দেশ মমতার

‘বিজেপি ৫০০ ভোটে এগোলেই পুনর্গণনার দাবি তুলুন’, গণনার আগে এজেন্টদের কড়া নির্দেশ মমতার

ভোটের ফল ঘোষণার আগে গণনাকেন্দ্রের প্রতিটি টেবিলে কড়া নজরদারি বজায় রাখতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের সঙ্গে এক বিশেষ ভার্চুয়াল বৈঠকে শনিবার এমনই কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম কারচুপি রুখতে এবং গণনায় স্বচ্ছতা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন তিনি।

তৎক্ষণাৎ পুনর্গণনার দাবি

বৈঠকে তৃণমূল সুপ্রিমো দলের এজেন্টদের স্পষ্টভাবে জানিয়েছেন, গণনার সময় কোনও বুথে যদি দেখা যায় যে বিজেপি হঠাৎ করে ৫০০, ৭০০ বা ১০০০ ভোটে এগিয়ে যাচ্ছে, তবে বিন্দুমাত্র সময় নষ্ট না করে তৎক্ষণাৎ সেখানে পুনর্গণনা বা রিকাউন্টিংয়ের দাবি তুলতে হবে। সন্দেহজনক কিছু দেখলেই তীব্র প্রতিবাদ জানাতে হবে এবং কোনওভাবেই টেবিল ছেড়ে ওঠা যাবে না।

গণনাকেন্দ্রের কাছেই রাত কাটানোর নিদান

শুধু গণনার দিনই নয়, তার আগের রাতের প্রস্তুতির বিষয়েও সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ অনুযায়ী, রবিবার রাতে রাজ্যের সমস্ত প্রার্থী, তাঁদের প্রধান এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদের গণনাকেন্দ্রের কাছাকাছি কোনও হোটেল ভাড়া করে রাত কাটাতে হবে। সোমবার সকালে যাতে যাতায়াতের কারণে কারও পৌঁছতে এক মিনিটও বিলম্ব না হয় এবং স্ট্রং রুম খোলার সময় সকলেই উপস্থিত থাকতে পারেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

সর্বোচ্চ সতর্কতা

ইতিমধ্যেই স্ট্রং রুমের বাইরে রাত জাগছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। অন্যদিকে কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ত্রিস্তরীয় নিরাপত্তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কৌশলগত নির্দেশিকা বুঝিয়ে দিচ্ছে, ৪ মে মেগা কাউন্টিংয়ের দিন প্রশাসনিক এবং আইনি কোনও দিক থেকেই এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল।

প্রতিবেদক: স্বাধীন মানব দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *